
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে কালিহাতী ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দুইটি খাদ্যপণ্যের দোকানকে আর্থিক জরিমানা করা হয়।
জানা যায়, কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পিয়াসী হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী, বাসি খাবার বিক্রি এবং ওজনে কম দেয়ার অপরাধে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে খাদ্যপণ্য তৈরী করার অপরাধে এলেঙ্গার এস এস ফুডের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দকৃত ২৩৫- ২৭৫ গ্রাম ওজনের বিপুল সংখ্যক মিষ্টির প্যাকেট ধ্বংস করা হয়েছে।
টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তিনি জানান, জনস্বার্থে ভেজাল বিরোধী এমন অভিযান চলমান থাকবে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, কালিহাতী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।






