
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীতে সরকার ঘোষিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ পরিচালনা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ও মাহমুদনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনা নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।
এ সময় টাঙ্গাইল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে প্রায় ১৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা। অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসকের ফেসবুকে পেইজে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।






