স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর নারায়ণ পাল (৯৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পৌর এলাকার পোষ্টকামুরী পালপাড়া এলাকায় একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। নারায়ন পাল পোষ্টকামুরী পালপাড়া গ্রামের নিবারণ পালের ছেলে।
নারায়ন পালের ছেলে রতন পাল জানান, গত সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ হয় তার বাবা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) মির্জাপুর থানায় সাধারণ ডায়রি করা হয়।
পরদিন বুধবার (২২ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুরে লাশ দেখতে পান। রতন পাল আরও জানান, কিছু দিন আগে তার বাবা ব্রেন স্ট্রোক করেন। এরপর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।