
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি নেতা এইচ এম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। গত (১৯ সেপ্টেম্বর) তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি “এইচ এম আফজাল” এ এই স্ট্যাস্টাস দেন। এইচ এম আফজাল মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রামের বাসিন্দা ও দুই বারের সাবেক ইউপি সদস্য।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন আফজাল। তিনি তাঁর স্ট্যাটাসে লিখেছেন, “এই দলটিকে প্রচন্ড ভালবাসতাম। কিন্তু দলের সাথে আর সম্পর্ক রাখা সম্ভব হলো না। দীর্ঘ ৪ দশকের সকল সম্পর্ক বিছিন্ন অতিব জরুরি হয়ে পড়ায়, অদ্য ১৯/১০/২০২৫ ইং তারিখ হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে সকল প্রকার সম্পৃক্ততার অব্যাহতি গ্রহণ করিলাম”।
এ বিষয়ে এইচ এম আফজাল মুঠোফোনে জানান, ছোট বেলায় বাবা-মা’র মুখে ধানের শীষ শুনে এই দলকে ভালবাসতাম। পরে ১৯৯০ সাল থেকে দলটির সক্রিয় কর্মী হিসেবে কাজ করছি। বিগত ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়ার্শী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এর আগে উয়ার্শী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বিগত ২০১৬ সাল থেকে মির্জাপুর থানা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত ২০১৮ সালে সরকার বিরোধী আন্দোলন করায় তিনি রাজনৈতিক মামলায় আসামী হন।
এইচ এম আফজাল হোসেন অভিমানের সুরে বলেন, ৩৫/৪০ বছর পর এসে মনে হচ্ছে দলের আদর্শ একজন কর্মী হতে পারেনি। এখন মনে হচ্ছে সবার সঙ্গে তাল মেলাতে পারছি না। বিএনপি যারা করে তারা তো এখন খুবই উৎফুল্ল যে ক্ষমতায় আসতেছে। যার জন্যে এই সময়ে সরে যাওয়াই ভাল। বিগত ২০০৩ সাল থেকে ২০১১ সাল এবং ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত দুই মেয়াদে ১৫ বছর মেম্বারের দায়িত্ব পালন করেছি। কেউ বলতে পারবে না, কারো এক কাপ চা খেয়েছি। দলের নেতার সমর্থন নিয়ে বিগত ২০২২ সালে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম।
অন্য কোন দলে যাওয়ার চিন্তা ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না এই মূহুর্তে অন্য কোন দলে যাওয়ার চিন্তা ভাবনা নেই। রাজনীতি করতে এসে জীবনে অনেক কিছু হারিয়েছি। এখন দলে ভীড় বাইজা গেছে গা। এতো ভীড়ের মধ্যে আমি তো দুর্বল মানুষ। আপনি তো আমার চাইতে হাজার গুন বুঝতে পারতেছেন ভীড়টা কি পরিমান হয়ে গেছে। ভীড়ে চলার মতো শক্তি, সামর্থ, মানসিক, শারীরিক ও পারিপারসিক কোন শক্তিই আমার বর্তমানে নেই।
তিনি আরও বলেন, নেতাদের কাছে তো নতুন মুখের আকর্ষন থাকে বেশি। নতুন টাকা যাদের আছে তাদের প্রতি আকর্ষন বেশি থাকে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি রাজনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার ঘোষণায় মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদকসহ কোন নেতা যোগাযোগ করেছে কি না জানতে চাইলে বলেন, মির্জাপুর থেকে কেউ যোগাযোগ করেনি। তবে স্থানীয় অনেক নেতাকর্মীরা যোগাযোগ করেছেন।
এইচ এম আফজাল বলেন, মির্জাপুরে বিএনপির রাজনীতির মেইন তো কালাম ভাই। কালাম ভাইয়ের মনের মতো হয়তো হতে পারি নাই। উয়ার্শী ইউনিয়নে রাজনীতির নেতৃত্ব দেন কালাম সাহেবের বিয়াই। দলের ভিতরে গণতন্ত্র কি পরিমান আছে তা তো বলার অপেক্ষা রাখে না। অন্য কোন দলে যোগ দিবেন কি না জানতে চাইলে অস্বীকার করে বলেন, রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। দল না করলেও নির্বাচনের মাঠে তো থাকতে পারি।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, তার ফেসবুক স্ট্যাটাস আমি দেখিনি এবং বিষয়টি কেউ আমাকে জানায়নি। যে কারণে মন্তব্য করতে চাচ্ছি না বলে তিনি জানান।






