
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হানিফ মিয়া নামে রেল ক্রসিংয়ের গেটম্যানকে গণপিটুনি দিয়েছে জনগন। পরে তাকে মির্জাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া গ্রামের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত হানিফ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাগুনাথপুর গ্রামের আনসার আলীর ছেলে।
জানা গেছে, হানিফ জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মহেড়া রেল স্টেশনের রেল ক্রসিংয়ের গেটম্যানের চাকরি করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে গেটম্যান হানিফ এলাকার ১৩ বছরের এক শিশুকে ফুসলিয়ে টাকার প্রলোভন দেখিয়ে রেল স্টেশনের আবাসিক ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয় লোকজন দেখে আবাসিক ভবনে যান।
এ সময় ওই শিশু আবাসিক ভবন থেকে বেরিয়ে দৌড়ে বাড়ি চলে যায়। পরে সে আত্মীয়স্বজন নিয়ে আবার ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছে তাকে টাকার প্রলোভন দিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে জানায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে গেটম্যান তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে শিশুটি অভিযোগ করে। পরে স্থানীয় লোকজন হানিফকে গণপিটুনি দিয়ে বিকেলে মির্জাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, রেল সড়কের মহেড়া ক্রসিংয়ের গেটম্যান হানিফ স্থানীয় ১৩ বছরের এক শিশু কন্যাকে রেল স্টেশনের আবাসিক ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন টের পেয়ে শিশুকে উদ্ধার করে অভিযুক্ত হানিফকে আটকে খবর দেয়। পরে তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।






