
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে থানা ঘাট সংলগ্ন বেলটিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বৈধ কাগজপত্র ছাড়াই বালু স্তুপ করে রাখা হয়েছে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন এবং বৈধ কাগজপত্র ছাড়াই বালু স্তুপ করে রাখার অপরাধে জরিমানার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসা প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে।






