
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব-দক্ষিণ পাশে অবস্থিত বারোখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গোলাপী বেগম মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী গ্রামের আব্দুল কাদের মিয়ার স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে গোলাপী বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার খোঁজ মেলেনি। রবিবার (২৬ অক্টোবর) সকালে থানার পাশের বাসিন্দারা খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী বেগম তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ বের করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






