
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি ধাক্কা দিলে এক নারী নিহত ও এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের বড় ইছাপুর গোরস্থান সংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাঙ্গাইলগামী একটি সিএনজি একই দিকের অজ্ঞাতনামা দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তার (৪০) নামে এক নারীকে মৃত ঘোষণা করেন। তিনি কালিহাতী উপজেলার রাজাফৈর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।
আহতদের মধ্যে রয়েছেন নিহতের ৪ বছরের শিশু সন্তান এবং অজ্ঞাতনামা এক পুরুষ যাত্রী। এরা বর্তমানে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) ফয়সাল জানান, দুর্ঘটনায় জড়িত সিএনজিটি আটক করা হয়েছে। তবে সিএনজির চালক ও ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুইজন বর্তমানে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






