স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে র্যাবের অভিযানে অভিনব পন্থায় পাচারের জন্য বহনকৃত বিপুল পরিমান নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোঃ তোহর আলী (৬০)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মৃত সোয়ব আলীর ছেলে। রোববার (১৬ নভেম্বর) ভোরে যমুনাসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪৬০ গ্রাম নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য হেরোইন, একটি বাটন মোবাইল ফোন এবং নয়শত পঁয়ষট্রি টাকা উদ্ধার করা হয়। সিপিসি-৩, র্যাব-১৪, রোববার (১৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন এ তথ্য জানান।
তিনি জানান, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল নিয়মিত টহল ডিউটি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী রিয়াজ পরিবহনে একজন মাদক কারবারি অবৈধ মাদক দ্রব্যসহ যাত্রীবেশে টাঙ্গাইল হয়ে ঢাকা যাচ্ছে। প্রাপ্ত গোপন সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য যমুনাসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশীকালে চাপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী রিয়াজ পরিবহনের বাসটি চেকপোস্টে আসা মাত্রই সিগনাল দিয়ে বাসটি থামিয়ে সন্দেহজনক মাদক কারবারি মোঃ তোহর আলী কে বাস হতে নামিয়ে দেহ তল্লাশী করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগের মধ্যে সেলাই করা অবস্থায় বিশেষভাবে রক্ষিত চার পুড়িয়া এবং একটি বস্তার মধ্যে রক্ষিত কাগজের কার্টুনের ভিতরে পেয়ারার নিচ হতে চারটি পলিথিনের প্যাকেটসহ সর্বমোট ৪৬০ গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কথিত অবৈধ মাদকদ্রব্য হেরোইন এর অবৈধ বাজার মূল্যে ৪৬ লাখ টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ তোহর আলী’র বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চারটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় মামলা দায়ের পূর্বক আসামী এবং জব্দকৃত হেরোইন হস্তান্তর করা হয়েছে।