
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন বাতিলের দাবিতে মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের আয়োজনে গোড়াই ইউনিয়নের শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান। এ সময় তাদের অনুসারী, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে গোড়াই শিল্পাঞ্চল এলাকা ঘুরে গোড়াই ফ্লাইওভারের নিচে এসে সমাবেশ করেন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব ছাড়াও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান, উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর মৃধা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, বিএনপি নেতা খন্দকার মোবারক হোসেন, ছোরহাব হোসেন মাহবুব শিকদার, সেতু হায়দার খান, আলী আযম খান উথান প্রমুখ বক্তব্য রাখেন।
জানা গেছে, গত (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনসহ দেশের ২৩৭টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
স্থানীয় বিএনপির নেতারা জানান, ওই ঘোষণার পর থেকেই দলীয় মনোনয়ন বঞ্চিত নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। মনোনয়ন বঞ্চিত নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাবের অনুসারীরা মনোনয়নটি বাতিলের দাবিতে এর আগে একাধিক কর্মসূচি পালন করেন।






