স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান উত্তমের স্ত্রী লিলি আক্তার (৪০) হত্যা মামলার এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম লেবু মিয়া (৩৫)।
সে টাঙ্গাইল সদর উপজেলার পৌলি দক্ষিনপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের আনসার ক্যাম্প সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব।গ্রেফতারকৃত লেবু মিয়া টাঙ্গাইলের পল্লী বিদ্যুতের ঠিকাদার মোস্তাক আহমেদ রানা হত্যা মামলারও আসামী। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত (১৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান উত্তমের স্ত্রী লিলি আক্তারকে (৪০) কুইজবাড়ি গ্রামে নিজেদের বিস্কুট ফ্যাক্টরির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। এছাড়া গত (২৬ মে) টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়া বাড়ি মোড়ে পল্লী বিদ্যুতের ঠিকাদার মোস্তাক আহমেদ রানা কুপিয়ে আহত করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। পরে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দুটি ঘটনায় টাঙ্গাইল সদর থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। তদন্তে দুটি হত্যাকান্ডের ঘটনায় লেবু মিয়াকে সন্দিগ্ধ করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের আনসার ক্যাম্প সড়কে অভিযান পরিচালনা করে আসামী লেবু মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।