
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্বের বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে। এ লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা জনগণের মধ্যে তুলে ধরতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। এছাড়া টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা এমন কাউকে সদর আসন থেকে বিএনপির মনোনয়ন দেয়ার আহবান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মনোনয়ন প্রত্যাশীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।






