
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী হাবিবুর সিদ্দিকী লিটনের উদ্যোগে উপজেলার শামছুল হক কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাতেন প্রমুখ। এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী হাবিবুর সিদ্দিক লিটন বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু মনোনয়ন পাওয়ার পরও মতিনের কোন গণসংযোগ কিংবা সভা করেনি। যার ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে।
এছাড়া দীর্ঘদিনের ত্যাগী নেতা বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন না দেয়ায় আমরা ক্ষুব্ধ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে টিটোকে দেয়ার দাবি করছি।






