
স্টাফ রিপোর্টার ॥
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কারাবন্ধী সুলতান মিয়ার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) টাঙ্গাইল জেলা কারাগারে সুলতান বুকে ব্যথা অনুভব করলে বিকেলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়া গোড়াই হরিপাড়া গ্রামের আজমত আলীর ছেলে।
গত বছর (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
ওই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গত (২৮ অক্টোবর) গোড়াই ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন।
টাঙ্গাইল জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার (২৬ নভেম্বর) বিকেলে হাজতি সুলতান মিয়া বুকে ব্যাথার কারনে গুরুতর অসুস্থ হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যান।






