
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শান্তিপূর্ণ পরিবেশে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে গোহালিয়াবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর পক্ষ থেকে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি গণদোয়ার আয়োজন করে।
এ সময় সরাসরি উপস্থিত থাকতে না পারলেও বেনজীর আহমেদ টিটো মুঠোফোনে সংক্ষিপ্ত বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমাদের সম্মিলিত প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করবেন।
গণদোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।
এ সময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রত্যাশা আমাদের সবার হৃদয়ের দাবি। তাঁর জন্য আজকের এই গণদোয়া মানুষের ভালোবাসারই বহিঃপ্রকাশ। নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণদোয়া বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মোনাজাত শেষে শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিলের কার্যক্রম শেষ হয়।






