
গোপালপুর সংবাদদাতা ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার একটি স্থানীয় মাদরাসা ভবনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যের কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ মুসুল্লীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, পৌর শাখার ভারপ্রাপ্ত আমির সাইমুর রহমানসহ জামায়াতের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী আলেম-ওলামারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন। পুরো অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও দোয়ার সুরে মাহফিল হয়ে ওঠে মনোমুগ্ধকর।
এ সময় বক্তারা বলেন, মানুষের জন্য মানুষের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন। এ সময় মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের অংশগ্রহণ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।
তারা সারিবদ্ধভাবে বসে ছোট্ট হাত দুটি তুলে দেশনেত্রীর সুস্থতা কামনা করে দোয়া করে। যা পুরো পরিবেশকে আরও আবেগঘন করে তোলে। অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিয়মিত দোয়া করার আহ্বান জানান।






