
স্পোর্টস রিপোর্টার ॥
প্রতিদ্বন্দিতাপূর্ন ফুটবল ফাইনাল ম্যাচটি গোলশূন্য ড্র হলে মওলানা ভাসানী আদর্শ কলেজ টাইব্রেকারে (৪-২) গোলে সখীপুর সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় টাঙ্গাইলের সন্তোষের মওলানা ভাসানী আদর্শ কলেজ ও সখীপুর সরকারি কলেজ।
তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ফুটবল ফাইনালে দু’দলই সমানতালে লড়াই করেছে। দু’দলের কেউ মধ্যমাঠ দখল করতে না পারলেও বিক্ষিপ্ত আক্রমন থেকে গোলের সুযোগ নষ্ট করেছে মওলানা ভাসানী আদর্শ কলেজের স্টাইকাররা। গোলশুন্য ফাইনালের ফলাফল পেতে টাইব্রেকারে আয়োজন করা হয়। টাইব্রেকারে মওলানা ভাসানী আদর্শ কলেজের গোলরক্ষক সাকিবুল হাসানের দক্ষতায় দুটি পেনাল্টি শট আটকে দিলে তার দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম খেলোয়াড় ও রেফারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার এডহক কমিটির সদস্য ও ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার মুন্নী, ঢাকা ব্রাদার্স ইউনিয়নের ডিফেন্ডার ও টাঙ্গাইলের সাবেক তারকা ফুটবলার ইউসুফ আলী খান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য শাহ আব্দুল আজিজ তালুকদার বাপ্পী। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল আলীম।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন আকাশ। জেলার ১৬টি কলেজ নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
দুই দলে যারা খেলেছেন- সখীপুর সরকারি কলেজ ফুটবল দল- সিফাত, অনিক সরকার, মনির, মাহবুব, মুন্না, তামিম, শাহেদ, নাজমুল, সাকিব, আবির ও অনিক।
মওলানা ভাসানী আদর্শ কলেজ ফুটবল দল- সাকিবুল হাসান, রাকিবুল হাসান, নীরব, জিমাস, হাসানুজ্জামান সিনহা, আকাশ, প্রান্ত, আহাদ দেওয়ান, মনির হোসেন, সজিব হোসেন ও দেবুজিৎ।
রেফারী- মাসুদ ভূইঁয়া, সহকারী রেফারী- মমিনুর রহমান ও হারুন অর রশীদ।






