
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় কাভার্ডভ্যানের পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার ট্রাকচালক সোহেল (৩৫) এবং ট্রাকে থাকা টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা গ্রামের মৃত মালেক ভূইয়ার ছেলে ব্যবসায়ী আমিনুর ভূইয়া (৬৫)। এ ঘটনায় আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জামালপুর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক (যাতে চাল, মুরগি ও হাঁস ছিল) সামনে থাকা কাভার্ড ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।






