স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সল্লা ইউনিয়নের সল্লা বাজার থেকে মশাল মিছিল বের হয়ে মহাসড়কে অবস্থান নেয়।
মিছিলকারীরা জানান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে তারা এ কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন মাঠে থাকা নেতা বেনজির আহমেদ টিটোর প্রতি তৃণমূলের আস্থা বেশি তাই আমরা স্লোগান দিয়ে রিভিউ চাচ্ছি। মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, তৃণমূলের মতামত উপেক্ষা করা হলে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
মিছিল শেষে কালিহাতী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সাংবাদিকদের জানান, কালিহাতীর বাস্তবতা বুঝে যিনি দীর্ঘদিন আন্দোলন, সংগ্রামে সামনে ছিলেন, তাকেই মনোনয়ন দিতে হবে। বেনজির আহমেদ টিটোর পক্ষে আমরা কেন্দ্রের কাছে মনোনয়ন রিভিউ চাইছি। তিনি অভিযোগ করে আরও বলেন, সম্ভাব্য তালিকায় লুৎফর রহমান মতিন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গাছ বিতরণ করেছেন।
উল্লেখ্য , উক্ত আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন। সম্ভাব্য মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় দুই পক্ষের অবস্থান স্পষ্ট হয়েছে।