
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে মিছিলে অংশ নিয়ে কফিন বহন করে।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫ (সদর) আসনসহ বেশকয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা সঠিক হয়নি। সদরে জন্ম- এমন কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা চরমভাবে হতাশ। আমরা দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি করছি।
এ সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল সমর্থিত ও জেলা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






