
মমিনুল হক ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বেশ কিছু দিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মানুষ নামাজ পড়ে, অনেকেই রোজা রেখে তার সুস্থতা কামনা করছেন। দেশের মানুষের স্বার্থেই খালেদা জিয়ার সুস্থতা জরুরি হওয়া প্রয়োজন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের অনেক মানুষ কিডনিসহ বিভিন্ন অঙ্গ দিয়ে সহযোগিতা করতে চাচ্ছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনিই এশিয়া মহাদেশের একমাত্র নেত্রী যার জন্য সবাই দোয়া করছেন। আমরা আশা করি, আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের সব মানুষের কামনা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতি আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল সদর আসনে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠনে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তিনি বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও দায়িত্বশীলতার সাথে মাঠে থাকার আহ্বান জানান। আমরা দেশনেত্রীর মুক্তি ও সুস্থতার জন্য যেমন দোয়া করছি, তেমনি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেও ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সকাল-সন্ধ্যা পরিবহনের চেয়ারম্যান সৈয়দ জাদিদুল হক জাদিদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরি সভাপতি খন্দকার নাজিম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি খঃ ইকবাল হোসেন, মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি খঃ আতিকুজ্জামান টুটুল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও মালিক সমিতির সদস্য শফিকুর রহমান খান শফিক, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিকছন, জেলা যুবদলের আহ্বায়ক খঃ রাশেদুল আলম, মালিক সমিতি সদস্য বাসুদেব, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাবু প্রমুখ।






