
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥ টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন ও দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।
পরে পর্যায়ক্রমে কালিহাতী থানা ও এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ও ভিডিপি, কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কালিহাতী পৌরসভা, অফিসার্স ক্লাব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কালিহাতী প্রেসক্লাব, কালিহাতী সাধারণ পাঠাগার, কালিহাতী ব্লাড ফাউন্ডেশন, বাংলাদেশ স্কাউটস কালিহাতী উপজেলা শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টায় কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহিদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম তৌফিক আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবির গাঙ্গুলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়, যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য, কুটির শিল্প ও কারুপণ্য প্রদর্শিত হয়।
বাদ যোহর উপজেলার সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভবঘুরে ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও উপজেলা পরিষদ চত্বরে প্রীতি ব্যাডমিন্টন, টি-২০ ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনীতে বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।






