
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে মির্জাপুর থানার বিক্রয় প্রতিনিধির নিকট থেকে ছুরিকাঘাত করে নগদ অর্থ ছিনতাই মামলার সক্রিয় ছিনতাইকারী রনি (২৩) এবং টাঙ্গাইল সদর থানার চুরি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি রাজন (৩০) গ্রেফতার হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে এবং রাতে মির্জাপুর ও সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, টাঙ্গাইল সদর উপজেলার বাহির শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২০) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিস্ট্রিবিউটার অগ্রণী ট্রেডিং কোম্পানি লিঃ এর বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত। গত ১৯ জুলাই সকাল অনুমান ৯ টার সময় অফিস থেকে বক্স ভর্তি সিগারেট নিয়ে বিক্রয়ের জন্য মোটরসাইকেল যোগে বাহির হয়ে বিক্রয়লদ্ধ নগদ টাকা সহ ফেরার পথে একই তারিখ সন্ধ্যা অনুমান ৭ টায় মির্জাপুর উপজেলার বড়দাম প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় আবু রায়হান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২০ জুলাই মির্জাপুর থানায় ছিনতাই মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত সহ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ছিনতাইকারীদের গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের চৌকস আভিযানিক দল বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় মির্জাপুর উপজেলার মুচিরচালা তরফপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামি রনি (২৩), জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করে।
একই ক্যাম্পের অপর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর থানার চুরি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি রাজন (৩০) পিতা-জলিল মিয়া, সাং-করটিয়া পূর্ব পাড়া, থানা-সদর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করে।
গ্রেফতরকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






