
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে মতিয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামে এই গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মতিয়ার রহমানের বড় ভাই ইঞ্জিনিয়ার মজিবর রহমান প্রেসক্লাবে এসে তার ভাইয়ের উপর গুলির ঘটনার কথা জানান।
তিনি জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিয়ার রহমান দেওভোগ গ্রামের বলিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মতিয়ার রহমানের ভাই ইঞ্জিনিয়ার মজিবর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার দেওভোগ গ্রামে মতিয়ার রহমানের পৈত্রিক সূত্রে পাওয়া ১ একর ১৩ শতাংশ জমি রয়েছে। ওই জমি নিয়ে পাশ্ববর্তী ধল্যা গ্রামের মোনায়েম খানের ছেলে শহীদ খান, ফরহাদ খান, ফুয়াদ খান ও মাসুদ খানদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মতিয়ার রহমানকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। হুমকির ঘটনায় গত (১২ ডিসেম্বর) মতিয়ার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মতিয়ার রহমান বাড়ি থেকে বের হয়ে ধল্যা যাওয়ার পথে দেওভোগ গ্রামের রাস্তায় পৌছালে শহীদ খানের নেতৃত্বে আসামীরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে তার গতিরোধ করে। সেখানে তর্কবির্তকের এক পর্যায়ে তার মাথা উদ্দেশ্য করে গুলি ছুড়েন। গুলিটি তার কান ছিদ্র হয়ে বের হয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জামুর্কী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, মতিয়ার রহমানের কানে গুলি লেগে ছিদ্র হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি অবগতি হয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






