
স্টাফ রিপোর্টার ॥
পরিবেশ দূষন প্রতিরোধ, যানজট ও নোংরামুক্ত টাঙ্গাইল শহর গড়ার প্রত্যয়ে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে সুন্দর শহর সৃষ্টির প্রত্যয়ে সহযোগিতার হাত বাড়িয়ে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের আহবায়ক আকিবুর রহমান ইকবাল।
লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল আমাদের ঐতিহ্যবাহী জেলা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বর্তমানে আমরা কিছু মৌলিক সমস্যার সম্মুখিন হচ্ছি। যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে। রাস্তাঘাটের বেহাল দশা, পরিবেশ দুষণ, অসহনীয় যানজট এবং লৌহজং নদীর নাব্যতা ও পরিচ্ছন্নতার অভাবে আমাদের দীর্ঘদিনের সমস্যা প্রকট আকার ধারণ করছে।
টাঙ্গাইল শহরের বিভিন্ন প্রবেশদ্বারসহ বিভিন্ন জায়গায় অত্যন্ত নোংরা। টাঙ্গাইলকে ক্লিন টাঙ্গাইল ঘোষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন। টাঙ্গাইলকে বাসযোগ্য, নিরাপদ এবং আধুনিক জেলা হিসেবে দেখতে চাই। টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, বরং নাগরিক দায়বদ্ধতা থেকে সোচ্চার হয়েছে। আমাদের এই যৌক্তিক দাবীগুলো পূরণে প্রয়োজন প্রশাসনের এগিয়ে আসা। সবার সম্মিলিত প্রয়াসে সুন্দর শহর গড়ে তোলা জরুরি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব শহিদ মাহমুদ, সদস্য জাকির হোসেন খান, ফরহাদ আলী, রাকিব হায়দার, কাজী বজলুর রহমান প্রমুখ।






