
স্টাফ রিপোর্টার ॥
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শ্রমিক শক্তি এ কর্মসুচী পালন করে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ কর্মসুচীতে এনসিপি, শ্রমিক শক্তি, যুব শক্তি, ছাত্র শক্তি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ কর্মসুচীতে বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের এনসিপির মনোনীত এমপি প্রার্থী মাসুদুর রহমান রাসেল, জেলা ছাত্র শক্তির আহবায়ক আবু আহমেদ শেরশাহ, যুবশক্তির আহবায়ক সাইমন এবং শ্রমিক শক্তির সংগঠক জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্রের জন্য হুমকি। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।






