স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স (অনুর্দ্ধ-১৮) জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে টাঙ্গাইল ভেন্যুতে কিশোরগঞ্জ ২ উইকেটে মানিকগঞ্জ এবং জামালপুর ভেন্যুতে শেরপুর ৩৮ রান টাঙ্গাইল জেলাকে পরাজিত করেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগীয় নর্থে ৩টি ভেন্যুতে ডাবল লীগ ভিত্তিতে একসঙ্গে ইয়ং টাইগার্স (অনুর্দ্ধ-১৮) জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
টাঙ্গাইল ভেন্যু স্টেডিয়ামে “বি” গ্রুপে কিশোরগঞ্জ ২ উইকেটে মানিকগঞ্জকে হারিয়ে পূর্ন পয়েন্ট অর্জন করেছে। এই গ্রুপের অপর দল জামালপুর জেলা। “সি” গ্রুপে জামালপুর ভেন্যুতে টাঙ্গাইল জেলা ৩৮ রানে শেরপুর জেলার কাছে পরাজিত হয়েছে। নেত্রকোনা জেলা এই গ্রুপের ৩ নম্বর দল। “এ” গ্রুপে কিশোরগঞ্জ ভেন্যুতে নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহ জেলা একে অপরের মুখোমুখি হচ্ছে।
৩টি ভেন্যুর চ্যাম্পিয়ন দল এবং সেরা রানার্সআপ দল কিশোরগঞ্জ ভেন্যুতে সেমিফাইনাল এবং সেমিফাইনাল বিজয়ীরা ২০২৬ সালের (২ জানুয়ারী) ফাইনাল খেলবে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল ভেন্যুতে ইয়ং টাইগার্স (অনুর্দ্ধ-১৮) জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের কিশোরগঞ্জ বনাম মানিকগঞ্জ জেলার উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, ঢাকা নর্থ বিভাগীয় কোচ আরাফাত রহমান, জেলা এডহক কমিটির সদস্য ইসলাম খান ও আব্বাস আলী সরকার, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কোচ ও ম্যানেজার বৃন্দ।
এদিকে জামালপুর স্টেডিয়াম ভেন্যুতে টসে জয়লাভ করে টাঙ্গাইল (অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শেরপুর (অনুর্দ্ধ-১৮) ক্রিকেট দল নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। দলের পক্ষে ইয়াকুব সর্বোচ্চ ৭৭ রান করে। বোলিংয়ে টাঙ্গাইলের পক্ষে মাফি ও নক্ষত্র ২টি করে উইকেট দখল করে।
জবাবে টাঙ্গাইল জেলা ৩০ ওভার ১ বলে ১০ উইকেট হারিয়ে ১১৫ রান করলে ৩৮ রানে পরাজিত হয়। টাঙ্গাইলের পক্ষে এহসানুল হক ৩২ ও রাকিব ২৫ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের ফয়সাল ৩টি উইকেট দখল করে।