
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে র্যাবের অভিযানে ৩০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও একটি পিকআপসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রনি (৩৯) ও ঢাকা জেলার কেরানিগঞ্জ থানার মোহাম্মদ রনি (২৯)। সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল অভিমুখী যাত্রী ছাউনীর সামনে চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে গাড়ি তল্লাশীকালে হলুদ ও নীল রঙের মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে পিকআপটি থামানো হয়।
এ সময় পিকআপ হতে মাদক কারবারি রনি (৩৯) আক্কেলপুর, জেলা-জয়পুরহাট ও মোহাম্মদ রনি (২৯) থানা-কোরানিগঞ্জ, জেলা-ঢাকা এদেরকে আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ করলে মিনি পিকআপে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মিনি পিকআপে বিশেষ কায়দায় রাখা ৩০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার এবং গাঁজা বহনকৃত পিকআপ এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজার বাজার মূল্য আনুমানিক ৯ লাখ টাকা। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের দেলদুয়ার থানায় মাদক কারবারিসহ আলামত হস্তান্তর করা হয়েছে।






