স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও বিদ্রোহী স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) পৃথক পৃথক সময়ে নিজ নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মোহাম্মদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান (লাঙ্গল), আমজনতা পার্টির মনোনীত প্রার্থী আলমগীর হোসেন (প্রজাপতি), মাহমুদুল হক মাসুদ (স্বতন্ত্র), শেখ হাবিবুর রহমান কামাল (স্বতন্ত্র) এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদ (কোদাল) প্রতীকের প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি এবং বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম। এ সময় প্রার্থীদের সঙ্গে তাঁদের দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচনী বিধি-বিধান মেনে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।
টাঙ্গাইল-৮ আসনে সখীপুর ও বাসাইল উপজেলা সহকারী রিটারনিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি ও আকলিমা বেগম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।