
স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আছর তাকে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে নিজ বাসভবনে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে এদিন দুপুর ২ টায় টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ পরিবারের সদস্যরা, জেলা বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান টাঙ্গাইলে উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি টাঙ্গাইলে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখেন। টাঙ্গাইলের যোগাযোগ ও সড়ক উন্নয়নে তাঁর অবদান ছিল স্মরণীয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানী ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।






