
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর স্কেল প্রজেক্ট এলাকার একটি ফাঁকা স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্কেল প্রজেক্ট এলাকায় এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






