
স্টাফ রিপোর্টার ॥
র্যাবের অভিযানে টাঙ্গাইল সদর উপজেলার ব্যবসায়ী আঃ রাজ্জাক (৩৬) হত্যা মামলার আসামি নুরু (৪৫) গ্রেফতার হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) নাটোর জেলার সদর উপজেলার দক্ষিনপুর গ্রামে র্যাব এ অভিযান পরিচালনা করে। রবিবার (৪ জানুয়ারী) সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারের বিবরণে জানা যায় যে, ধৃত নুরু (৪৫), থানা-সদর, জেলা-টাঙ্গাইল সহ এজাহারনামীয় আসামিদের সাথে বাদী মোঃ আমির হোসেন (৪৮), পিতা-মৃত আজমত আলী, সাং-হাতিলা, থানা-সদর, জেলা-টাঙ্গাইল এর ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছে। যার প্রেক্ষিতে বাদী সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছেন। গত ৩ নভেম্বর রাতে বাদী তার ভাই ভিকটিম আব্দুর রাজ্জাক (৩২) ও ভাতিজা নাজমুল (১৯) সহ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা সাকিনস্থ ধৃত আসামি সহ এজাহার নামীয় আসামিদের বসত বাড়ি সংলগ্ন রাস্তায় পোঁছালে ধৃত আসামি সহ এজাহার নামীয় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভাই ও ভাতিজাকে অতর্কিত হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আব্দুর রাজ্জাক (৩২) মৃত্যূ বরণ করেন। উক্ত ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ও সিপিসি-২ র্যাব-৫ নাটোর এর যৌথ আভিযানিক দল ধৃত আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোর জেলার সদর থানাধীন দক্ষিনপুর সাকিনস্থ জৈনক সাধু মফিজ উদ্দিন আহমেদের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় আসামি নুরু (৪৫), জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






