
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে মাত্র ২ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের দুইজনেরই মনোনয়ন বাতিল করেছেন টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮ টি আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে জমা দেন ৬৫ জন। এরপর যাচাই-বাছাই শেষে একাধিক কারনে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৩৭ জন।
ঘাটাইল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহারের ক্ষেত্রে ১ পারসেন্ট ভোটারের স্বাক্ষরের সঠিকতা না থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে। টাঙ্গাইল-৫ সদর আসনের প্রার্থী ফাতেমা রহমান বীথির ক্ষেত্রে দলীয় মনোনয়ন দাখিল না করায় মনোনয়ন বাতিল হয়।
গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি বলেন, দলীয় মনোনয়ন ফর্ম ও অঙ্গিকারনামার মূল কপি জমা না দিয়ে ভুলে ফটোকপি জমা দেই। এর ফলে আমার মনোনয়ন আপাতত বাতিল হয়েছে। আমি ঢাকা নির্বাচন কমিশনে আপিল করেছি। সকল প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে মনোনয়ন ফিরে পাব আশা করি। সবার কাছে দোয়া চাই।
এদিকে ঘাটাইল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার মনোনয়ন ফিরে পেতে আপীল করেছেন বলে জানিয়েছেন।






