
স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম খান কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এমপি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মাওলানা শফিকুল ইসলাম খান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর টাঙ্গাইল শহরের বাসা “সোনার বাংলা” তে যান। এ সময় টাঙ্গাইল জেলা এবং বাসাইল ও সখীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই রাজনীতিবিদ একে অপরের শারীরিক কুশলাদি বিনিময়সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় মাওলানা শফিকুল ইসলাম খান বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আনুষ্ঠানিকভাবে জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি কাদের সিদ্দিকীর কাছে দোয়া চান। জবাবে কাদের সিদ্দিকী মাওলানা শফিকুল ইসলাম খানকে শুভ কামনা জানান।
উল্লেখ্য, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। বিগত ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কাদের সিদ্দিকী এ আসন হতে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেন। বিগত ২০০১ সালে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
সব দলের অংশগ্রহণ না থাকার অভিযোগ তুলে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।






