
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত Artificial Intelligence in Medical Robotics: Bangladesh Perspectives শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেডিকেল রোবোটিকস ভবিষ্যৎ স্বাস্থ্য সেবাকে আরও নির্ভুল, সহজলভ্য ও কার্যকর করে তুলবে। বাংলাদেশ প্রেক্ষাপটে এই প্রযুক্তির ব্যবহার ও গবেষণা বিস্তারে বিশ্ববিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী চিন্তা এবং আন্তঃ বিভাগীয় গবেষণাই আগামী দিনের টেকসই স্বাস্থ্য প্রযুক্তির পথ দেখাবে।” সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও রোবোটিক্স গবেষক প্রফেসর ড. হ্যাং মুক চো। সেমিনারের কী-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার শামীম আহমেদ দেওয়ান।
এছাড়া বিশিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখেন MARS Group এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইমরান হোসেন ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খোন্দকার নজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার ইকবাল মাহমুদ।
সেমিনারে বক্তারা মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অগ্রগতি, বাংলাদেশে এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে প্রধান অতিথি কোরিয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ‘সেন্টার ফর অ্যাডভান্সড অটোমোটিভরি সার্চ’ ও সেমিনার গ্রন্থাগারের উদ্বোধন করেন এবং বিভাগের শিক্ষার্থীদেরকে বই উপহার দেন।






