
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আবু সাঈদ নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদত্যাগ করেছেন। পারিবারিক কারণ দেখিয়ে গত (৭ জানুয়ারি) তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠান। পরে তিনি ওই পদত্যাগপত্র তার ফেসবুক পেইজে পোস্ট করেন। আবু সাঈদ মির্জপুর উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পদত্যাগকারী আবু সাঈদ তার পদত্যাগপত্রে লেখেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ গোড়াই ইউনিয়ন (পূর্ব) ৫ নং ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম। বর্তমানে পারিবারিক কারণে ওই পদে থেকে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। এই মর্মে আমি সুস্থ মস্তিস্কে, স্বজ্ঞানে ৫নং ওয়ার্ড গোড়াই ইউনিয়ন (পূর্ব) সভাপতির পদ থেকে পদত্যাগ করিলাম।
এ ব্যাপারে আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নানা ধরনের হয়রানি থেকে বাঁচতে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। কী ধরনের হয়রানি জানতে চাইলে বলেন, পুলিশের হয়রানি থেকে বাঁচতে টাকা-পয়সা দিতে হয়।
অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও এ বিষয়ে কোনো চিন্তা ভাবনা করি নাই।






