
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা রিয়াদ খান প্যারোলে মুক্তি পেয়ে বাবা শহীদুজ্জামান খানের জানাজা পড়িয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কবরস্থানে বাবার জানাজার নামাজ পড়ান তিনি। রিয়াদ খান উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। গত বছরের (২২ ডিসেম্বর) থেকে রিয়াদ খান টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রিয়াদ খানের বাবা শহীদুজ্জামান খান মৃত্যুবরণ করেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে শহীদুজ্জামানের বড় ছেলে অয়ন খান আইনজীবীর মাধ্যমে ছোট ভাই রিয়াদের প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করেন। আদালতের বিচারকের নির্দেশে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে দড়িসহ হ্যান্ডকাফ পড়িয়ে উয়ার্শী গ্রামের বাড়িতে নিয়ে আসেন। দুপুর ১২টায় গ্রামবাসীর উপস্থিতিতে উয়ার্শী সামাজিক কবরস্থানে বাবার জানাজা পড়ান রিয়াদ খান।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
ওই মামলার তদন্তে রিয়াদ খানের সংশ্লিষ্টতা পাওয়ায় গত বছরের (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রিয়াদ খানকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।






