স্টাফ রিপোর্টার ॥
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার স্থলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তৌহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য পদে জাহিদ হোসেন মালাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বিপক্ষে অবস্থান নেন তৌহিদুল ইসলাম বাবু। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণাসহ শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এদিকে, বহিষ্কারের চিঠি প্রকাশ হবার পর তৌহিদুল ইসলাম বাবু তার ফেসবুকে লিখেন, আমি নিশ্চয়ই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমি নিশ্চয়ই আমাদের সদ্য প্রয়াত "মা" বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক। অপর একটি পোষ্টে লিখেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্তঃ ইনশাআল্লাহ।
উল্লেখ্য, তৌহিদুল ইসলাম বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের পক্ষে অবস্থান নিয়েছেন। ইতিপূর্বে তাকে কেন্দ্রীয় যুবদল হতে শোকজ করা হয়েছিল।