স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে প্রাক্তন শ্বাশুড়ীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের স্পেশাল আদালতের বিচারক দিলারা আলো চন্দনা রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে এই রায় দেন। দন্ডিত ব্যক্তির নাম রেজাউল করিম ওরফে দুলু। তিনি জামালপুর সদর উপজেলার তেলিয়ান পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর পাঁচ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এরা হচ্ছেন তোতা মিয়া, আবুল কালাম, মিলন মিয়া, ছামাদ মন্ডল ও আজিজুল হক।
স্পেশাল জজ আদালতের সরকারি কৌশলী শাহজাহান কবীর জানান, দন্ডিত রেজাউল মধুপুর উপজেলার বুড়াকুড়ি গ্রামের নূর হাইয়ের মেয়ে নূরুন্নাহারকে বিয়ে করেন। কিন্তু পারিবারিক বিরোধের কারনে সূরুন্নাহার রেজাউলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল ২০০৬ সালের ২৭ জুন রাত সাড়ে ৯ টার দিকে নূরুন্নাহারের বাবার বাড়ি গিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করেন। এসময় নূরুন্নারের মা রাবেয়া বেগম এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।গুরুতর আহত রাবেয়া বেগমকে কালিয়াতুড়ি একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত নূরুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরদিন নিহত রাবেয়া বেগমের স্বামী নূর হাই বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক ছয় জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৩ হন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে এ আদেশ দেন।দন্ডিত রেজাউল গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিন পেয়ে পালাতক হন।