
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শুরু হয়েছে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ। এই কর্মসূচি আগামী (২৫ জানুয়ারি) পর্যন্ত চলবে।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার (১৯ জানুয়ারি) থেকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলার বেরিপটল, ঘোনাবাড়ী, পাইকড়া, বর্গা, আটাবাড়ী ও বাঁশী কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম শুরু হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় নারীদের জন্য বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের প্রাথমিক স্ক্রিনিং, স্বাস্থ্য পরামর্শ এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নারীদের মধ্যে ক্যান্সার নিয়ে বিদ্যমান ভীতি দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারিগরি তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, আগত সেবা গ্রহীতাদের ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংয়ের মাধ্যমে নিবন্ধন করা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী চিকিৎসা সেবার জন্য দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের কর্মসূচির মাধ্যমে নারীরা ক্যান্সার সম্পর্কে আরও সচেতন হবেন এবং ঝুঁকিপূর্ণ রোগ দ্রুত শনাক্ত হওয়ায় সুস্থ জীবন নিশ্চিত করা সম্ভব হবে।






