
স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে শেষদিনের শুনানিতে রবিবার (১৮ জানুয়ারি) প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩ জন। সব মিলিয়ে জেলায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ৫৫ জন। সোমবার (১৯ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইলের ৮টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিভিন্ন অভিযোগে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে ২১ জন প্রার্থী কমিশনে আপিল করেন। পরে আপিলে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান।
আপিলে মনোনয়ন বৈধ হওযা প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন অর রশিদ। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিঞা। টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা আক্তার বিথী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খন্দকার জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রার্থী হাসরত খান ভাসানী।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মামুনুর রহিম, স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার ও শরীফুল ইসলাম। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম রেজাউল করিম। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী শহীদুল ইসলাম, আমজনতা দলের প্রার্থী আলমগীর হোসেন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী আওয়াল মাহমুদ।
এদিকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী। আপিলে তিনি উল্লেখ করেন, লতিফ সিদ্দিকী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ছিলেন। নির্বাচন কমিশনের আপিল বোর্ড লিয়াকত আলীর আবেদন না মঞ্জুর করে লতিফ সিদ্দিকীর মনোনয়ন পত্রের বৈধতা বহাল রাখেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার তাজুল ইসলাম বলেন, আপিলে প্রার্থীতা ফিরে পেয়ে এখন বৈধ প্রার্থীর সংখ্যা ৫৫ জন। বিভিন্ন কারণে জেলা রিটার্নিং অফিসার টাঙ্গাইলে ২৮ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।






