
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
গণভোট ২০২৬ ও আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কালিহাতী সদরের শহীদ শফি সিদ্দিকী তোরণ সংলগ্ন এলাকায় ভোটের গাড়িতে গণভোটের ধারণা, এতে অন্তর্ভুক্ত বিষয়সমূহ এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণভোট বিষয়ে সচেতনতা বাড়ে।
ভিডিও চিত্র প্রদর্শনীটি বসে থেকে সম্পূর্ণভাবে অবলোকন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, গণভোট জনগণের মতামত সরাসরি রাষ্ট্র পরিচালনায় যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ কারণে গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই ধরনের প্রচারণা কার্যক্রম অত্যন্ত কার্যকর।
উল্লেখ্য, গণভোট ২০২৬ সফল ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।






