
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুর ২ টা হতে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশাদ আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় আচরণ বিধিমালা লঙ্ঘন করে পিভিসি ফেস্টুন ব্যবহার এবং গাড়িতে ও বিভিন্ন স্থাপনায় হ্যান্ডবিল ও লিফলেট সাঁটানোর কারণে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম ওবায়দুল হকের নাসিরের প্রতিনিধি বিল্লাল হোসেনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী লুৎফর রহমান খান আজাদের প্রতিনিধি হারুন-অর-রশিদকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড, হাঁস প্রতীকের প্রার্থী আইনিন নাহারের প্রতিনিধি আব্দুল বাছেদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং শাপলা কলি প্রতীকের প্রার্থী সাইফুল্লাহ হায়দারের প্রতিনিধি নিজাম উদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া প্রার্থীদের প্রতিনিধিগণকে আচরণ বিধিমালা লঙ্ঘন করে সাঁটানো সকল লিফলেট, হ্যান্ডবিল ও ব্যানার দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।
ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবু সাঈদের কার্যালয় হতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।






