
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সাফিউল ইসলাম শাকিল (২৩) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব আলীর ছেলে। সে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কম্ফিট এন্ড কম্পোজিট মিল এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শাকিল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল নয়টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। রাত দশটার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা নুরু মিয়া। পরে তিনি পুলিশে খবর দিলে থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। শাকিলের বাম চোখ উপড়ে ফেলে দুস্কৃতকারীরা তার অটোরিকশা ছিনতাই করে নিয়েছে বলে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) জাবেদ পারভেজ জানিয়েছেন।
শাকিলের ভাই মোজাফ্ফর হোসেন জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রতিদিনের মতো তার ভাই ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। দিন শেষে বাসায় না ফেরায় রাত দশটার দিকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শনিবার (৩১ জানুয়ারি) সকালে তারা থানায় সাধারণ ডায়রি করেন। দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে তাদের খবর দেয় বলে তিনি জানান।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।






