
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের সাত দিন পর মারিয়া মিম (৭) নামে এক শিশুর অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যদুনাথপুর বারইপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রবিউল ইসলাম রাফি ও সুমন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত রাফি (২২) যদুনাথপুর বারইপাড়া এলাকার রহিম মিয়ার ছেলে এবং সুমন (৩০) ওই এলাকার ময়ান মিয়ার ছেলে। আটকৃত সুমন (৩০) বিবাহিত ও সন্তানের জনক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত সাত দিন ধরে শিশু মারিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। পরে নিখোঁজ শিশু মারিয়ার পিতা উজ্জল মিয়া ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় কয়েকজন পথচারী স্থানীয় মরহুম নান্নু মিয়া দপ্তরীর একটি পরিত্যক্ত বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে নিহত শিশু মারিয়ার বাবা উজ্জল মিয়া ও মা জবেদা বেগম তার মরদেহ শনাক্ত করেন।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন নিহতের স্বজন ও এলাকাবাসী। তারা দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যে আরও কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।






