
স্টাফ রিপোর্টার ॥ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। জ্ঞানচর্চায় উৎসাহ এবং গ্রন্থাগার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে প্রতিবছর দিনটিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বইপাঠ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবসটি পালিত হয়েছে।
সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে আয়োজিত র্যালিতে বাতিঘর আদর্শ পাঠাগারের পাঠক, সদস্য এবং লাবিবা লুবাবা শিক্ষার পরিবারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বাতিঘর আদর্শ পাঠাগারের পাঠকক্ষে গ্রন্থাগার ও বই পাঠের গুরুত্বের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জ্ঞানভিক্তিক আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠগারের সভাপতি মো. শাহজাহান, সহকারী লাইব্রেরিয়ান জাহিদ হাসান, সদস্য মোঃ রাকিব হাসান, সিয়াম আহমেদ, মোঃ সিয়াম হোসেন, মোঃ হাবিবুর রহমান, দুলাল মিয়া সহ অন্যান্য পাঠক সদস্যবৃন্দ।
উল্লেখ্য, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ধারণ করে ২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি বিভিন্ন মানবিক, সমাজ ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।






