
স্টাফ রিপোর্টার ॥
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের মেজর ইউসুফ।
তিনি শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়সভায় এসব কথা বলেন।
এ সময় তিনি আরোও বলেন, নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে। এ মতবিনিময়ের মাধ্যমে দু’টি বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হয়। প্রথমত, নির্বাচন সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আশ্বস্ত করা যে, সুষ্ঠ নির্বাচন আয়োজনে যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। দ্বিতীয়ত, সাধারণ জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থা সৃষ্টি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেওয়া যে সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী সমন্বিতভাবে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।
তিনি আরোও বলেন, সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চলমান রয়েছে। আগামী নির্বাচনের এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের প্রতিটি এলাকায় সহিংসতাসহ সকল অপরাধ দমনে সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
এ সময় আরোও বক্তব্য রাখেন, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, কার্যকরী সদস্য এস এম শহীদ, পলাশ ইসলাম, আলকামা সিকদার, আবুল হোসেন, নুরনবী, জাহিদ সরকার, সোহাগ হোসেন ও কবীর হোসেনসহ অন্যরা।
এ সম্পর্ক টাঙ্গাইল জেলার ধনবাড়ী ও মধুপুর উপজেলায় স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন। সভায় ধনবাড়ী প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






