
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক।
সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এ সময় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।






