
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল রফিকুল ইসলাম ওরফে রফিক নামের যুবক। এলাকায় সে ড্রেজার রফিক নামে পরিচিত। খবর পেয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ধলেশ্বরী নদীর এলাসিন ইউনিয়নের বারপাখিয়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের খবর পেয়ে ড্রেজারের মালিক রফিকুল ইসলাম ওরফে রফিক পালিয়ে যায়। এ সময় ড্রেজার ও এর সঙ্গে অন্যান্য সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






