
সোহেল রানা, কালিহাতী ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলের কালিহাতীতে যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর প্রস্তুতি ও সমন্বয়ের সক্ষমতা প্রদর্শন করা হয়।
কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মহড়াটি শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা গেট হয়ে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।
মহড়ায় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা, ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশনের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর ইউসুফ, কালিহাতী থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজমসহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা।
এ সময় মেজর ইউসুফ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
জানা যায়, নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় যৌথবাহিনী প্রস্তুত রয়েছে।






